আজকে সকালটা দুর্দান্ত কাটলো স্কুলের ফিফথ আর সিক্সথ গ্রেডের বাচ্চাদের সাথে। সব পুঁচকি ছানাপোনা।
আমাদের এখানে একটা ইভেন্ট হয়, নাম হোকি ফর আ ডে। হোকি পাখি আমাদের ভার্জিনিয়া টেকের ম্যাসকট। তো এনারা বছরে বার দুই তিন আশেপাশের স্কুল থেকে এক গুচ্ছ কুচো বাচ্চাদের নেমন্তন্ন করে আনেন, সঙ্গে অবশ্যি তাদের শিক্ষক শিক্ষিকারা। তারা সকাল থেকে বিকেল অব্দি ইউনিভার্সিটি ক্যাম্পাসের বিভিন্ন সেন্টার, ক্যাফেটেরিয়া , স্টেডিয়াম ইত্যাদি ঘুরে ঘুরে দেখে। এর মাঝে একটা ইভেন্ট এইরকম - বেশ কয়েকটা ডিপার্টমেন্টের প্রফেসর আর ছাত্ররা প্রদর্শনী সাজিয়ে বসে থাকে একটা ঘরে। আর বাচ্চারা ছোটো ছোটো দলে এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরে ঘুরে এটাসেটা নেড়েচেড়ে দ্যাখে। কতরকমের প্রশ্ন করে। কত কিছু বলে যায়।
আমাদের এক্সিবিটের ছবি দিলাম সঙ্গে। গ্রামভারি নাম "ভক্স পপুলি - উইজডম অফ ক্রাউড"। আসলে খুব সহজ একটা ব্যাপার। একটা বয়ামে রংবেরঙের লজেন রাখা। সবাই এসে সেটাকে নেড়েচেড়ে দেখে নিজেদের মত করে আন্দাজ করবে কতগুলো আছে আর একটা ইন্টারফেসে (ল্যাপটপে) সেটা লিখবে। প্রত্যেকবার লেখার সাথে সাথে দেখা যাবে সবার মিলিত গড় কোথায় গিয়ে দাঁড়ায়। সব শেষ হলে আমরা রিভিল করবো সত্যিটা কী - আর প্রোবাবিলিটির সূত্র দেখিয়ে দেবে, ওই যে অনেকের সম্মিলিত গেস, সেইটা আসল উত্তরের থেকে খুব বেশি দূর নয়।
এইটিই Vox Populi-র মূল কথা। বেশ অনেকদিন আগে এই নিয়ে গুরুতে লিখেছিলাম, গ্যালটন কোথায় মেলায় গিয়ে দেখেছিলেন একটি ষাঁড়ের ওজন নেওয়া হচ্ছে। তো উনি ওই মেলাতেই জমায়েত প্রায় ৮০০ জনের আন্দাজ একত্র করে দেখান, যে ওই একসাথে মিলে করলে গড় নিয়ে বেশ কাছেই যাওয়া যায়।
আর লিখেছিলাম Condorcet এর গল্প। জুরি থিওরেম। সেটার আবার দুই দিক। একটা দিক - যা আমরা আশা করি, যেখানে সংখ্যাগরিষ্ঠ মতামত পৌঁছে যাবে কমন গুডের দিকে যদি বেশির ভাগ লোকের ঠিক দিকেই যাওয়ার সম্ভাবনা অর্ধেকের বেশি হয়। আর থিওরেমের দ্বিতীয় ভাগ তার ঠিক উল্টোটা। সেখানে আমরা দ্রুত সরে যাব নিশ্চিত ভুলের দিকে যদি বেশির ভাগই ভ্রান্ত হন। ডেমোক্রেসির মূলে কোথাও একটা ওই প্রথমটাই যে সত্যি হবে এই অনুমান নিহিত। সত্যিই কী তাই হয়? জানি না। কেউই জানে না।
তবে এসব ভারী ভারী ডেমোক্রেসির অনুমানের কথা বাচ্চাদের বলিনি। ওরা বয়াম নেড়েচেড়ে ঝাঁকিয়ে দিব্যি আন্দাজ করেছে আর সকলে মিলে পৌঁছে গেছে ঠিক উত্তরের কাছে। আর অনেক গল্প করেছে আমার আর আমার দুই ছাত্রের সাথে, ডিল্যান আর জেকব। আমাদের বলেছে ওরা কী হবে বড় হয়ে, কোন খেলোয়াড় সবথেকে ভালো লাগে, আরো কত কী!
হয়তো এদের কেউ কেউ আজ থেকে সাত কি আট বছর পরে ফিরে আসবে এই ভার্সিটির ক্যাম্পাসে। কে জানে! ততদিনে এইসব খেলার কথা আর তাদের মনে থাকবে না। আমিও তখন কোথায় থাকব কে জানে!
তবে অংকের মজা এই যে ওই যে উইজডম অফ ক্রাউডের সূত্র, বা ওই যে জুরি থিওরেম, সেইসব যেমন এই আড়াইশো বছর পরেও দিব্যি আছে, তেমনই থেকে যাবে।
শুধু আমরা ঐ অদৃশ্য কমন গুডের দিকে যাবো না নিশ্চিত অবলুপ্তির দিকে সেই উত্তর কারুর কাছেই নেই।
---
(অ্যাপ আর পুরোনো লেখার লিংক নিচে, কেউ যদি আগেই না পড়ে থাকেন। আর এই খেলাটা রেপ্লিকেট করা খুউব সোজা। শুধু এক বয়াম লজেন লাগবে আর একদল অল্পবয়সি ছাত্র। আর হ্যাঁ, এনথু।)
অ্যাপ - https://dattahub-voxpopuli.share.connect.posit.cloud/
(এটায় অনেকগুলো আলাদা ট্যাব আছে। একটা ট্যাব শিক্ষকদের জন্য - যেখানে সেট আপ করা যায়। অন্যটা অডিয়েন্সের জন্য। আর বেশ অনেকে একসাথে না হলে ভুলভাল হবে।)
আর এটা লেখার লিংক। লোকসভা ২০২৪ এর সময়ে লেখা। https://www.guruchandali.com/comment.php?topic=29872
আবার পরের ভোটের সময় কুমিরছানা করবো।
Comments
Post a Comment