এ্যাই নিয়ে আর লেখার কিছু বাকি নেই

 এ্যাই নিয়ে আর লেখার কিছু বাকি নেই। সারাক্ষণ-ই এ্যাইসমুদ্দুরেই ডুবে আছি আর খাবি খাচ্ছি। তাও তো আমি মিলেনিয়াল, অর্থাৎ, হাফলাইফ পেরিয়ে এসেছি।

আজকেই ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন দেখলাম, বই-সিনেমা-মিউজিক-সায়েন্টিফিক "পেপার", সবই হুহু করে বাড়ছে। এরকম হুহু এক্সপোনেনশিয়াল কার্ভ দেখলেই কোভিডুনিশ মনে পড়ে। আর আমাদের প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভ বলে দিয়েছে, এ্যাই-স্লপ ধরা খেলে তিনমাস জেল আর সাতদিনের ফাঁসি, থুড়ি, এক বছর ব্যান। অর্থাৎ, এ্যাইবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা।
সে খবর আমাকে যিনি দিয়েছেন তিনি অবশ্য এ্যাই লাগিয়ে ঝড়ের বেগে পেপার লিখে চলছিলেন। এই খবরে তিনি কিঞ্চিৎ বিমর্ষ, আমি ভয়ানক রিলিভড। এই তো দেখলাম ওপেন-এ্যাই পল এর্ডোসের প্ল্যানার ইউনিট ডিস্ট্যান্স প্রবলেম সলভ করে দিয়েছে এক শটে। সেটা নাকি আশি বছর ধরে ওপেন ছিল। বাবারে!
আর খবর পেলাম গ্র্যান্টা ম্যাগাজ়িনের ছোট গল্প লেখার কম্পিটিশনে সম্ভবত এ্যাই দিয়ে লেখা একটা গপ্পো ফার্স্ট প্রাইজ় পেয়েছে। শোরগোল হওয়ার পরে চেক করে দেখা গেছে এ্যাইলক্ষণ স্পষ্ট। তার মধ্যে বার্নস-এণ্ড-নোবল বলেছে মানুষ-ই লিখুক আর এ্যাই-ই লিখুক, মানুষ কিনলেই ওঁরা বিক্রি করবেন। সে আর আশ্চর্য কী? বিটের পর বিট, মাঝে মানুষ কীট।
তা মাঝে ভাবলাম পেপার থেকে গপ্পো সব-ই যদি এ্যাই-ই লিখে দেয়, তাহলে আমার আর কী দরকার? বরং, সময়-টময় পেলে আরও হাবিজাবি প্রবলেম নিয়ে মাথা ঘামাই, ঘরের খেয়ে বনের বাকি মোষগুলো তাড়াই, সংখ্যাগুরুর চক্ষুশূল হই ইত্যাদি।
মনে পড়ল, আমাদের জীবনযৌবন রাজনীতিময় হয়ে যাওয়ার আগে, ফ্যাসিস্ট শব্দটা আভিধানিক থেকে রাজনৈতিক বাস্তবতা হওয়ার বহু আগে, সৈকতদা "ল্যালা ম্যানিফেস্টো" লিখেছিল, তাতেই বোধহয় একজায়গায় ছিল, 'মৌলিকতা একটি অলীক প্রকল্প।' অন্য কারণে, সন্দেহ নেই। তবে, এখন মনে হয়, যা যা ভালো-কিছু বলে ভেবে এসেছি, সে বাকস্বাধীনতাই বলুন, অথবা মৌলিকতা, অথবা নিছক অথেন্টিসিটি - সবই অলীক প্রকল্প। অন্তত, ওইসব আমাদের জন্য নহে।
তা ঠিক করেছি হাতে হাতেই যা পারি করবো, ভুলভাল অঙ্ক করবো, আরও ভুলভাল রচনা লিখে কেস খাবো, তারপর হাতে চিঠি লিখে পাঠাবো বন্ধুদের, মনে করে করে ফোন করবো, হাতে করে চারাগাছ পুঁতবো দুটো। একদিন ভালো মালাইকারি বানাবো। সেলাই করতে শিখেছিলাম ছোটোবেলায়, আমাদের মেচকুর খেলনা সেলাই করবো। বুড়ো বয়সে শিখেছি বলে বিচিত্র বার কর্ড ধরতে পারি না এই এক আক্ষেপ, এইবার তুলেই ফেলবো ঠিক। অন্তত দুদিন ব্যর্থ চেষ্টা করবো।
আর ভেবেছি, কিছুতেই গা ভাসাবো না আমি, যতই চমকপ্রদ আর চকচকে হোক, থিতু হয়ে বসে থাকবো কদিন। আর ভাববো, আর লিখবো।









Comments