“শুনে শুনে কান পচে গেল,
'সময়ে
সবই হবে, কাল একটা নূতন দিন'-
মৃত্যুর পরে তো আমার কোনো
স্বাধীনতার প্রয়োজন হবে না,
আগামীকালের রুটি
দিয়ে কি আজ বাঁচা যায়”
ল্যাংস্টন হিউজ়, “স্বাধীনতা”
ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, আজকে
এক্ষুণি হাতে-গরম ১০০ টাকা চাই, নাকি এক মাস পরে ২০০ টাকা? আন্দাজ করা শক্ত নয় যে
বেশির ভাগ মানুষ-ই আজকে ১০০ টাকাই নেবেন, এক মাস পরের অপেক্ষা না করে। অর্থাৎ,
বেশিরভাগ মানুষের কাছেই ভবিষ্যতের পুরস্কার পরিমাণে বড় হলেও মূল্যে হয়ত ছোট মনে
হয়। মুজতবা যতই, দের আয়াদ, দুরুস্ত আয়াদ বলুন না কেনে?
বিহেভিয়রাল ইকনমিস্ট-রা একে বলেন ডিলে
ডিসকাউন্টিং (delay discounting) - যত দেরি, পুরস্কারের মনস্তাত্ত্বিক মূল্য তত কম।
কিন্তু ঠিক কতটা কমে? অঙ্কের সূত্র দিয়ে ধরা যাক?
সেই আলোচনায় আসার আগে, একটু ছোটো করে
বলে নেওয়া দরকার যে এই জিনিষ কিন্তু প্রকৃত অর্থেই সার্বজনীন – অর্থাৎ, আপনি
কাঁচরাপাড়া থেকে কাম্বোডিয়া যেখানেই লোককে জিজ্ঞেস করুন না কেন – বাচ্চা হোক বা
বুড়ো, বেশির ভাগ-ই এইভাবেই ভাববেন। এমন কী শুধু মানুষের মধ্যেই নয় - ইঁদুর,
পায়রা, শিম্পাঞ্জি সবাই একই প্রবণতা দেখায়। তবে, এক প্রজাতি থেকে অন্য আরেক
কিংবা এক মানুষ থেকে অন্য একজন যেটা আলাদা হয় তা হলো ডিসকাউন্টিং-এর হার, অর্থাৎ,
সময়ের সাথে কত তাড়াতাড়ি কোনো জিনিষের মূল্য কমবে। এও খুব অস্বাভাবিক কিছুই না,
আমাদের চারপাশেই কারুর একটুও তর সয় না, আবার কাউকে দেখবেন খুব ধৈর্যশীল। এই
ব্যক্তিগত পার্থক্য, এইটিকে গাণিতিক মডেল সাধারণত k দিয়ে পরিমাপ করা হয়, এবং,
অনেকেই মনে করেন ঐ “k”-এর মান অনেক ব্যক্তিগত আচরণের পূর্বাভাস দেয় – এই যেমন
আত্মসংযমের ক্ষমতা, সেখান থেকে হয়তো আন্দাজ পাওয়া যাবে তার আসক্তির সম্ভাবনার? এই
যেমন এক্ষুণি একটা সিগারেট ধরালে বেশ ভালোই লাগবে, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, যদিও
না খেলে হয়তো দীর্ঘায়ু? শুধু নেশা না, সঞ্চয়ের অভ্যাস, এমনকি মানুষ কাকে এবং
কিসের আশায় ভোট দেয়, সবেতেই অল্পস্বল্প এই খেলা চলছে।
এক মাস পরের প্রতিশ্রুতির মূল্য কম সে
না হয় বোঝা গেল, কিন্তু ঠিক কতোটা কম? অথবা ধরা যাক, যদি জিজ্ঞেস করা যায়, এক
মাসের বদলে যদি এক সপ্তাহ হয়, তাহলেও কী এক-ই ফলাফল হবে? নিশ্চয়ই না। আবার ঐ যে
“k”-র কথা বললাম, সেইটিই বা কীভাবে ঢুকছে এই ক্যালকুলেশন? সেরকম দুই-একটা মডেলের
কথা বলে নিই টুক করে।
প্রথমটির নাম এক্সপোনেনশিয়াল
ডিসকাউন্টিং, সহজে বলতে গেলে, ধরা যাক আজ কোনো একটা জিনিষের দাম A, আর আজ থেকে
D সময় পরে এক-ই জিনিষের দাম V, তাহলে এই V আর A-র সম্পর্ক কেমন হবে? এই প্রথম
মডেলে বলছে, যে সেটি ঐ এক্সপোনেনশিয়াল ফাংশনের মত হু-হু করে কমবে, কিন্তু তার
মধ্যেও আবার ব্যক্তিবিশেষের ধৈর্য্য বা সংযম যাই বলুন, সেই k লুকিয়ে আছে, এই নিচের
ফর্মুলার মত।
V = A · e^(−k · D)
এই মডেলের প্রধান বৈশিষ্ট্য যে
ডিসকাউন্টের হার সময়ের সাথে খুব একটা পালটায় না। অর্থাৎ, এই মডেলে, একজন আজকের ১০০
টাকাকে এক মাস পরের ২০০ টাকার চেয়ে যতটা বেশি পছন্দ করবেন, তিনি বারো মাস পরের
১০০ টাকাকেও তেরো মাস পরের ২০০ টাকার চেয়ে ঠিক ততটাই বেশি পছন্দ করার কথা, কারণ
এই দুইয়ের আপেক্ষিক দূরত্ব একই – এক মাস। কিন্তু মানুষ আসলে এভাবে আচরণ করে না।
বাস্তবে, বেশি দূরে গেলে পছন্দ উল্টে যায়।
সহজে বলতে গেলে, বেশিরভাগ মানুষ আজকের
১০০ টাকাকে এক মাস পরের ২০০ টাকার চেয়ে পছন্দ করেন, কিন্তু তাকেই যদি জিজ্ঞেস করা
হয়, যে এক বছর পর ১০০ টাকা, না এক বছর এক মাস পরের ২০০ টাকা? তখন হয়ত ঐ আগের হিসেব
উল্টে গেছে – তিনি হয়তো ভাববেন সেই অতদিন যদি অপেক্ষাই করি, না হয় আরও একটু করলাম?
অর্থাৎ, মানুষ সচরাচর নিকট ভবিষ্যতকে দূর ভবিষ্যতের চেয়ে বেশি হারে ডিসকাউন্ট
করেন। এই অসামঞ্জস্যের নাম প্রেফারেন্স রিভার্সাল, এবং, এর থেকেই আসে, এর পরের
মডেল, আমরা যাকে বলি হাইপারবোলিক ডিসকাউন্টিং। অঙ্কের ফর্মুলায় -
V = A / (1 + k · D)
এবার ক্লাস ১১-১২-এর অঙ্ক মনে করুন। হাইপারবোলা কেমন দেখতে হয়? শুরুতে ধপ করে সোজা নিচে নামে, তারপর ফ্ল্যাট। এবার আপনি যদি মূল্য আর সময়ের মাঝের সম্পর্ককে ঐ হাইপারবোলার মতন ভাবেন, তাহলে, এর অর্থ, "এখন" আর "এক মাস পরে"র মধ্যে পার্থক্য অনেক বড় মনে হবে, কিন্তু ১২ মাস ১৩ মাসের মধ্যে পার্থক্য মনে হবে সামান্য, যদিও দুটোতেই এক মাসের ব্যবধান। বিশেষজ্ঞরা বলেন যে এর পেছনেও হয়তো বিবর্তনের ভূমিকা আছে, পৃথিবী অনিশ্চিত – কবে ডাক আসবে কে জানে, আমাদের পাস্ট যতই পারফেক্ট হোক, ফিউচার প্রচণ্ড টেন্স। তাই আগামীর উপর ভরসা কমে গেলে দোষের কিছু নাই। ঠাট্টা বাদ দিই, এই জিনিষের প্রভাব, দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের গভীর উপরেও ব্যাপক।
প্রোবাবিলিটি
ডিসকাউন্টিং
ডিলে, অর্থাৎ দেরি হ’লে যেমন যে কোনো
জিনিষের দাম কমে যায়, তেমনিই কমে যায় যদি অনিশ্চয়তা থাকে, ছোটবেলায় শেখা প্রবাদ আ
বার্ড ইন হ্যাণ্ড … এই ঘটনাকে বিহেভিয়রাল
ইকনের লোক বলেন প্রোবাবিলিটি ডিসকাউন্টিং। সোজা কথায়, যে জিনিষ পাওয়ার সম্ভাবনা
কম, আমার কাছে তার দাম-ও কম। ১,০০০ টাকার ৫০% সম্ভাবনাকে বেশিরভাগ মানুষ ৫০০
টাকার সমান মনে করেন না। এর সূত্র-ও ঐ হাইপারবোলার মতই, তবে, আগের সূত্রে সময়ের
বদলে এখানে θ,
সম্ভাবনার অনুপাত, রাশিবিজ্ঞানের ভাষায় “অডস”। সহজে বললে অডসের মানে (1 - p) / p,
যেখানে p হলো সম্ভাবনা। আর সূত্রে h হলো ব্যক্তির নিজস্ব হার।
V = A / (1 + h · θ)
ডিলে ডিসকাউন্টিং এবং প্রোবাবিলিটি
ডিসকাউন্টিং-এর মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু সম্পর্ক থাকা আশ্চর্য না। ভেবে দেখুন,
যে মানুষ বেশি দেরি সহ্য করতে পারেন না, তিনি নির্ঘাত অনিশ্চিত পুরস্কারকেও বেশি ডিসকাউন্ট
করবেন? হয়তো, আবেগপ্রবণতার একটা সাধারণ মাত্রা আছে যা ঐ দুইটিকেই নিয়ন্ত্রণ করে।
নির্বাচনের প্রেক্ষাপটে ডিসকাউন্টিং
কেন গুরুত্বপূর্ণ বোঝা সহজ। দীর্ঘমেয়াদি নীতির ফলাফল শুধু দেরিতে আসে তাইই না,
সেটা কিছুটা অনিশ্চিতও। নির্বাচনী প্রতিশ্রুতি আর সত্যিকারের ফলের মধ্যে পার্থক্য
থেকেই যায়। শিক্ষা-স্বাস্থ্য-পরিবহন সে যাই দেখুন। তাছাড়া, রাজ্যের কথা ভাবলে দেখা
যায় যে এক-ই দল যদি অন্যান্য রাজ্যে কথা দিয়েও খেলাপ করে থাকে, তাহলে আমার রাজ্যে
করবে তার কী গ্যারান্টি? যে ভোটার প্রতিশ্রুত সুবিধার দেরি এবং অনিশ্চয়তা দুটোকেই
ডিসকাউন্ট করছেন, তিনি ঐ দুই মিলিয়ে এমন একটা ডিসকাউন্ট প্রয়োগ করছেন যা
দীর্ঘমেয়াদি কোনো কিছুর-ই মূল্যকে প্রায় শূন্যে নামিয়ে আনে। বলাই বাহুল্য, এর
দোষ বা দায় ভোটারের কম, ভোটপাখিদের বেশি।
সোশ্যাল ডিসকাউন্টিং
এবার তিন নম্বর সূত্র। আমরা সময়ের দাম
চোকালাম, অনিশ্চয়তার দাম-ও। এর পর সামাজিক দূরত্ব - এর নাম সোশ্যাল ডিসকাউন্টিং।
এইটা অবশ্য সব থেকে সহজ – এর মানে একটা পুরস্কার যত বেশি সামাজিকভাবে দূরের
কারো কাছে যায়, তার দাম তত কমে। হাওয়ার্ড র্যাশলিন আর ব্রায়ান জোনস দেখিয়েছেন
যে সামাজিক দূরত্ব বাড়লে আমরা অন্যের সুবিধাকে কম মূল্য দিই, এবং, সেই মূল্যও কমে
ঐ হাইপারবোলিক সূত্র মেনে।
V = A / (1 + k_s · N)
এখানে N হলো প্রাপকের সামাজিক দূরত্ব,
এবং k_s হলো সোশ্যাল ডিসকাউন্ট রেট। দূরত্ব মাপার জন্য ওদের বর্ণিত পদ্ধতি এইরকম –
আপনি ১০০ জন কাছের লোকের কথা কল্পনা করবেন, এবার কোনো একজন লোকের সামাজিক দূরত্ব হল
ঐ ১০০ জনের মধ্যে তার স্থানাঙ্ক। ১ মানে হয়তো প্রিয়তম মানুষ, ১০০ মানে দূচ্ছাই।
অর্থাৎ, আমরা অপরিচিতের সুবিধাকে নিজের বা পরিবারের সুবিধার চেয়ে অনেক কম মূল্য
দিই, ঠিক যেভাবে ভবিষ্যতের পুরস্কারকে এখনকার পুরস্কারের চেয়ে কম মূল্য দিই।
এবার রাজনৈতিক দিক থেকে ভেবে দেখুন, একজন
ভোটার যখন এমন কোনো নীতি বা প্রক্রিয়া বিচার করছেন যাতে প্রান্তিক মানুষের
স্বাস্থ্যসেবা উন্নত করবে, যে শিশুরা এখনো জন্মায়নি তাদের শিক্ষা নিশ্চিত করবে,
বা যে মানুষদের তিনি আদৌ চেনেন না তাদের দারিদ্র্য কমাবে, তখন তিনি একসাথে ঐ
সবরকমের ডিসকাউন্ট লাগিয়ে দীর্ঘমেয়াদী জিনিষের মূল্য কমিয়ে ফেলেছেন অজান্তেই। উচ্চমধ্যবিত্ত
মানুষের সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতি দৃষ্টিভঙ্গীর কথা ভাবলে, ব্যাপারটা আরও স্পষ্ট
হয় – সুবিধা যদি বা হয়, তার সুফল পাবেন সামাজিকভাবে দূরের কেউ, শিক্ষার হাল ফিরলে
তার সুফল আসবে হয়তো এক প্রজন্ম পরে, এবং পাওয়া যাবে কিনা তাও অনিশ্চিত। অন্যদিকে,
নগদানগদি বুঝে নিন, ব্যাপারটা ব্যক্তিগত, তাৎক্ষণিক এবং নিশ্চিত।
“ডিলে ডিসকাউন্টিং” নিয়ে বহুরকমের কাজ
হয়েছে, এবং সেই সব কিছু একটা প্রবন্ধে আঁটানো প্রায় অসম্ভব – তবুও কিছু কিছু দরকারি
জিনিষ না বললেই নয়। যেমন, এক, বয়স বাড়লে সাধারণত ডিসকাউন্টিং কমে, কারণ মানুষের
প্রিফ্রন্টাল কর্টেক্স পরিণত হয় এবং অভিজ্ঞতাও বাড়ে; তবে ব্যাপারটা এক-বগগা বাড়ে
না, খুব বয়স্ক মানুষের ক্ষেত্রে উল্টোটাও দেখা যায়, কারণ তাঁদের হয়তো দিন ফুরিয়ে
এসেছে। সম্পদ বা পুঁজির সাথে সম্পর্কটা আরো জটিল: দারিদ্র্য আর ডিসকাউন্টিং পরস্পর সম্পর্কিত এটা বোঝা শক্ত নয়,
কিন্তু, বোঝা দরকার যে সেক্ষেত্রে একে আর চারিত্রিক ত্রুটি বা সংযমের অভাব ইত্যাদি
বলা সমীচীন নয়। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে ডিসকাউন্টিং করাই যুক্তিসংগত, আর যাঁর
পকেটে পয়সা বা প্রিভিলেজের বাফার নেই তাকে ধৈর্য ধরতে বলাও একরকমের নিষ্ঠুরতাই। প্রান্তিক
মানুষকে "ভবিষ্যতের কথা ভাবতে" বলাও তাই। সেন্থিল মুলাইনাথান আর এলদার
শাফিরের একটা খুব ভালো বই এই বিষয়ে প্রাসঙ্গিক – বইটির নাম স্কার্সিটি – হোয়াই
হ্যাভিং টু লিটল মিনস সো মাচ। ওদের গবেষণা বলছে যে আর্থিক চাপ নিজেই মানসিক ক্ষমতা
কমিয়ে দেয়, ফলে ভবিষ্যৎমুখী চিন্তা হয়ে পড়ে দুরূহ, এবং এর সাথে ব্যক্তিত্বের ত্রুটির
সম্পর্ক নেই, বরং বর্তমানের মানসিক চাপের আছে।
রাজনীতির কথা
না লিখলেই নয়?
রাজনীতির কথা না লিখলেই নয়, কারণ ঐটি
লিখবো বলেই এতো শিবের গাজন। এবারে এই ডিসকাউন্টিং-এর সদ্যলব্ধ জ্ঞানের আলোয় আমি নির্বাচনী
প্রতিশ্রুতিগুলোকে একটু যদি দেখি, তাহলে মনে হবে, ডিসকাউন্টিং তত্ত্বের দৃষ্টিতে
সবথেকে নিখুঁত অস্ত্র মানুষের হাতে নগদ অর্থ – কারণ ঐ উপরে যা লিখলাম, নগদ - তাৎক্ষণিক,
নিশ্চিত, ব্যক্তিগত। এর পাশে দেখুন কাঠামোগত বিনিয়োগ – শিক্ষা হোক, স্বাস্থ্য হোক
বা ইনফ্রাস্ট্রাকচার – এর জন্যে ঠিক উল্টো, সে দেরিতে আসে, অনিশ্চিত, এবং অপরিচিত মানুষের
সুবিধে। ভোটকুশলীর দল আর কিছু না বুঝুন, এটা হাড়ে হাড়ে বোঝেন। নির্বাচনের ঠিক
আগেই প্রকল্প ঘোষণা হয়, শুধু ঘোষণা নয় – তার একটা নাম দেওয়া হয়, ব্যক্তিগত স্তরে
লাভের অঙ্ক বোঝানো হয়। এর মানে অবশ্যই এই নয় যে কণ্ডিশনাল ক্যাশ ট্রান্সফার আর ঐসব
একে অপরের বিপ্রতীপে দাঁড়িয়ে। এক্কেবারেই না। সত্যি বলতে, বিদেশের পরিপ্রেক্ষিতে Bolsa
Familia, Progresa, আর একদম বাড়ির পাশে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি, এই
সবকটি প্রকল্পের বেশ কিছু মঙ্গলজনক প্রভাব দেখা গেছে বিভিন্ন গবেষণায়[i]।
যেমন, কন্যাশ্রী প্রকল্পের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন যে কন্যাশ্রী
অন্তত স্বল্পমেয়াদে মেয়েদের স্কুলে আরও বেশিদিন রেখেছে এবং বাল্যবিবাহ কমিয়েছে,
বিশেষত সবচেয়ে দরিদ্র পরিবারগুলিতে।
কাজেই, এগুলির সুফল নিয়ে প্রশ্ন নেই। আর
এও বলা দরকার যে ভাতা আর কর্মসংস্থান বা কাঠামোগত বিনিয়োগ পরস্পরের বিকল্প নয়, বা
একটা হলে অন্যটা হবে না, এমন কোনো অর্থনৈতিক নিয়মও নেই। ভালো সরকার দুটোই করেছে এবং
করতে পারে। প্রশ্নটা হলো সময় আর উদ্দেশ্যের: নির্বাচনের এক মাস আগে ঘোষিত প্রকল্প
আর বছরের পর বছর ধরে চলা প্রকল্প এক জিনিস নয়। স্তুতি খেমানি ফিলিপিন্স এবং
আফ্রিকার বিভিন্ন দেশের তথ্য ঘেঁটে দেখিয়েছেন যেখানে ভোট কেনা বেশি, সেখানে স্বাস্থ্যসেবায়
বিনিয়োগ কম, শিশু অপুষ্টি বেশি। কারণ, দুর্ভাগ্যবশতঃ, সেই ক্ষেত্রে, নগদ আর ক্লিনিক
একই বাজেটের জন্য, এবং হয়তো এক-ই রাজনৈতিক মনোযোগের জন্যেও, লড়াই করে।
তবুও, সমস্যা বলুন বা দায়, সে দরিদ্র ভোটারের
উপর চাপিয়ে দেওয়া অন্যায়। ডুবন্ত মানুষ কাছের তক্তাটা ধরেন, সেটা স্বাভাবিক। কিন্তু
একই মানসিক কাঠামো শিক্ষিত শহুরে ভোটারকেও চালায়, সন্দেহ নেই। ঐহিকে সব ভেন্ন
ভেন্ন হলেই বা।
আবার সব বুঝেও কী নিস্তার আছে? এমনকি যে
মানুষ ডিলে ডিসকাউন্টিং সম্পূর্ণভাবে বোঝেন, নাম জেনে বা না-জেনে, এবং সত্যিই দীর্ঘমেয়াদি
বিনিয়োগ চান, তিনিও একটা কালেক্টিভ প্যাঁচে পড়ে যান। তিনি যদি বিশ্বাস করেন যে বেশিরভাগ
ভোটার নগদ টাকাই চাইবেন, এবং ক্ষমতাসীনরা যেভাবেই হোক ছলে-বলে-ভোটের-কলে জিতবেন, তাহলে
বিরোধীপক্ষকে ভোট দেওয়ার কোনো পুরস্কার নেই, এখন তো নেই-ই, পরেও নেই। সেই অবস্থায়
সে কোনদিকে হেলে পড়বে বোঝা কঠিন না।
এর উপর আরেকটা ফাঁদ আছে। এর নাম
পারভার্স অ্যাকাউন্টেবিলিটি। ভোটাররা রাজনীতিবিদদের জবাবদিহি করার বদলে, রাজনীতিবিদরাই
ভোটারদের আনুগত্যের জবাবদিহি করেন যে প্রক্রিয়ায়। আজকেই একটু আগে ভিডিও দেখলাম, এক
নব্যমন্ত্রী বলছেন, অমুক গোষ্ঠি আমাকে ভোট দেয়নি, আমি আগামী পাঁচ বছর ওদের জন্য
কিস্যু করবো না। মন্ত্রীরা যে দিনের শেষে পাবলিক সার্ভেন্ট, কে মনে করাবে এই
মহামান্য অপোগণ্ডদের?
যাই হোক। এতো জেনেই বা কী আর লাভ হবে?
আমার ধারণা কিস্যু না। নিউ ইয়র্কারের একটি বিখ্যাত কার্টুন আছে, তলার ক্যাপশন, "Those
who don't study history are doomed to repeat it. Yet those who do study history
are doomed to stand by helplessly while everyone else repeats it."
ইতিহাসের বদলে যে কোনো
হিউম্যানিটিজ়ের শাখা বসাতেই পারেন। সমাজতত্ত্ব, অর্থনীতি, এইগুলির বিশ্লেষণ করতে যেটুকু
রাশিবিজ্ঞান বা গণিতের প্রয়োজন হয় সেগুলিও, আরও ইত্যাদি প্রভৃতি। আপাতত, হাঁ করে
দেখা ছাড়া উপায় নেই। সুধীন দত্ত যেমন লিখেছিলেন,
“আমি
জানি এই ধ্বংসের দায়ভাগে
আমরা
দু-জনে সমান অংশীদার;
অপরে
পাওনা আদায় করেছে আগে
আমাদের
‘পরে দেনা শোধবার ভার’।
[i] পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প নিয়ে দুটি কাজের কথা
বলা যেতে পারে। কন্যাশ্রী ২০১৩ সালে চালু হয়েছিল, আর সোজা ভাষায় কন্যাশ্রী প্রকল্পে
মেয়েদের স্কুলে থাকতে এবং ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকতে উৎসাহিত করার জন্য অর্থ
দেওয়া হত। প্রথমটি, দে ও ঘোষাল (২০২১) – এরা পশ্চিমবঙ্গ বনাম ঝাড়খণ্ড, এবং প্রকল্পের
আগে ও পরের তুলনা করে তারা দেখেছেন যে কন্যাশ্রী প্রকল্পে বাল্যবিবাহের সম্ভাবনা ৬.৭
শতাংশ কমিয়েছে আর মাধ্যমিক বা উচ্চশিক্ষা অর্জনের সম্ভাবনা ৬ শতাংশ বাড়িয়েছে। আর
দ্বিতীয়টি, সেন ও থামারাপানি (২০২২), এদের মূল ফোকাস: স্কুলছুটের হার কমিয়ে, মেয়েদের
আরও কিছুদিন স্কুলে ধরে রাখা, যাকে বলে রিটেনশন। একই পরিবারের কন্যাশ্রী এলিজ়িবল ভার্সেস
ইনএলিজ়িবল মেয়েদের মধ্যে তুলনা করে এঁরা তুলনা করে দেখেছেন যে: (১) কন্যাশ্রী এলিজ়িবল
মেয়েদের মাধ্যমিক স্তরে ভর্তি বা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা ১২ শতাংশ বেশি। আর উচ্চমাধ্যমিক
স্তরে সেটা একটু কমে হয় যায় ৭ শতাংশ। আর মোট শিক্ষার মেয়াদ প্রায় ৫ মাস বেশি। আর সবচেয়ে
গরিব পরিবারের মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে।

Comments
Post a Comment