আমার সমবয়সী বা বয়সে ছোটো প্রবাসী/অনাবাসী বন্ধুদের প্রশ্ন, তোমরা কী --
১) অনলাইনে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার বৃথা কসরত করে চলেছো, এবং মিনিটে মিনিটে এক বছর করে পরমায়ু কমে যাচ্ছে আমার মত? না করেছো, এবং অলৌকিক যাদুবলে হুশ করে টুশ হয়ে গ্যাছে?
২) না, বাড়িতে বেশ শাঁসালো হোল্ডফোল্ড আচে, বাবামাকাকাজ্যাঠা/ চেনা লোক/ পাড়ার দাদা ইত্যাদিরা দায়িত্ব নিয়ে সবার বৈতরণী পার করে দেবে সেই ভরসায় বসে আছো? এককথায়, সোশ্যাল ক্যাপিটাল মন্দ না?
৪) নাকি, জানোই না কীসের কীএকটা হচ্চে, যাকে প্রবচনে বলে ইগনোরেন্স ইজ় বিলিস?
তা আমি এই দুদিনে রোলের দোকানে যা দেখলাম, বাপের আর আমার এমন বয়েস-ফয়েস লেখা যে কেসিনাগের চৌবাচ্চা লজ্জা পাবেন, আর নামের বানান কী আর বলি। সে মানে 'জুড়িয়ে দিলো চোখ আমার পুড়িয়ে দিলো চোখ'। হিউম্যান এফিশিয়েন্সি/ডেটা এন্ট্রি এরর ইত্যাদি তো থাকবেই সে আর নতুন কী? আমিও তাই, ঐ উপরের (১) আর (৩) এর মাঝে দমদমের বড়ো সাইজ় মশার মত উড়ে উড়ে বেড়াচ্ছি। এবার ইসিয়াই চপেটাঘাতে সাবড়াবেন।
অবশ্য আমি এখনো এই পুরো এক্সারসাইজ়ের মাথামুন্ডু বুঝিনি। তাও যদি একটা পদের ওয়েবসাইট কী অ্যাপ বানাতো! অ্যাপ তো কোন ছার, এমনি বালের ডেটাবেস যে একটা প্রাইমারী কী নেই। শাস্ত্রে বলেচে বটে আত্মানং বিদ্ধি, কিন্তু আত্মার যে কোন নং-টা বিদ্ধি করতে হবে সেইটা বাদ পড়ে গ্যাছে সিলেবাসে।
আর যা বুঝলাম বেচারী বি-এল-ও'দের কেউই স্বেচ্ছায় বি-এল-ও হননি। মাঝখান থেকে এই ক'দিন স্কুলের পড়ানো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। ওঁদের নিজেদের ব্যক্তিগত ক্ষতির কথা বাদই দিলাম। অবশ্য শিক্ষা বা শিক্ষক নিয়ে উনিতিনি কারুর খুবেক্টা ইসে নেই। এমনিও বেশি পড়াশুনো করলে আর তাদের ব্রুটালাইজ় করবে কী উপায়ে?
কবি এইসব ভেবেই অগ্রিম বলেচেন, "আপনারে এই জানা আমার ফুরাবে না"। কবি যেটা বলেননি, সেটা এই যে, আমার ফুরিয়ে গেলেও সরকার আর স্টেটব্যাঙ্কের ফুরাবে না।
তাই আমি জানি টেঁসে যাওয়ার পরেও আমার অতৃপ্ত আত্মা এসে মাঝে মাঝে নিঃঝুম দুপুরে স্টেটব্যাঙ্কের সাউথ সিঁথি শাখায় একটা করে কে-ওয়াই-সি ফর্ম জমা দিয়ে যাবে, আর উনিজি ডাক দিলেই এই আধারে বসে এপিক কেত্তন করবে।
আর আমাদের মোটামুটি যেটুকু ন্যাচারাল লাইফ বাকি আছে, এই কাগজ খুঁজে আর তজ্জনিত টেনশন করেই কেটে যাবে।
--
পুনশ্চ ১ঃ আপনার যদি স্মুদলি হয়ে গিয়ে থাকে, তাহলে সংগ্রামী অভিনন্দন। আজ চায়ে এক চামচ চিনি এক্সট্রা খান এই আনন্দে।
পুনশ্চ ২ঃ এনারাইদের বেশির ভাগ দক্ষিণপন্থী - এরকমটাই জানি, সার্ভে ইত্যাদিও হয়েছে। এদের অনেকেই দুহাত তুলে সমর্থন-ও করেছিলেন। তাদের কাউকে অবশ্য হাঁউমাঁউ করতে দেখলাম না। আশা করি সবার সব শান্তিকল্যাণ।
Comments
Post a Comment