কাল থেকে ...


কাল থেকে আর দূরে দূরে থাকবো না,
 কাল থেকে আর আঙুলের ফাঁকে জমে উঠবে না
নিকোটিন আর মরা বিকেলের চিঠি ...

এক কাপ একলা চা আর
 আমার ছত্রিশ হাজার ব্যর্থ কবিতার মাঝে
কাল থেকে খুঁজে নেবো পায়ে চলা একটা পথ ...

সকাল সাতটার দিকে তাকিয়ে বলবো,
"আর দুটো মিনিট, প্লীজ !"
  শেষ লাইনটা তখনও আমার বুকের মধ্যে
খুঁজবে একটা বারান্দা, একচিলতে রোদ, একটা ইজিচেয়ার ...

ইচ্ছেদের গায়ে সেই রোদচিলতে লেগে থাকবে কালকেও,
তবু, কাল থেকে দেখো, সেই বারান্দাটায় আর
বিকেল একা একা আসবে না ...

Comments